অপশক্তি রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

২৮ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি ও জনগণের প্রতিও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারত বিদ্বেষী যে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ও জাতীয় মসজিদের ভেতর তারা তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সফলতায় তাদের গাত্রদাহ, বিএনপি এই অপশক্তির পৃষ্ঠপোষক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে। জাতির সামনে প্রশ্ন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের নৈতিক অধিকার তাদের আছে কি না?

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ধর্মের লেবাস পরিয়ে দেয়। চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে। পরে বেগম খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দেয়।

ওবায়দুল কাদের/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *