অস্ট্রেলিয়ান ১৩ সেনার যুদ্ধাপরাধ

২৭ নভেম্বর, ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১৩ সেনা সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। এ বিষয়ে করা অভিযোগের রিপোর্ট প্রকাশ পেলে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী তাদের ১৩ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিল। প্রসিকিউটররা বিশ্বাস করেন, এই সেনা সদস্যরা সেখানে যুদ্ধাপরাধ করেছেন।

সেনাবাহিনী প্রধান রিক বুর বলেছেন, এই সেনা সদস্যদের ব্যাপারে সেখানে প্রশাসনিক পদক্ষেপের নোটিশ দেয়া হয়েছে। জবাব দিতে ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে তাদের বরখাস্ত করা হবে।

প্রায় এক বছর ধরে এ বিষয়ে তদন্ত চলে। গত সপ্তাহে প্রকাশিত হয় তদন্ত রিপোর্ট। তাতে বলা হয়, অস্ট্রেলিয়ান এলিট ফোর্স আফগানিস্তানে ‘বেআইনিভাবে ৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং বন্দীকে হত্যা করেছে।’

রিপোর্টে ১৯ জনকে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর তালেবান, আল-কায়দা ও অন্যান্য ইসলামি জঙ্গি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র জোটের হয়ে লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়া ২৬ হাজার সেনা পাঠায়। অস্ট্রেলিয়ান সেনারা ২০১৩ সালে আফগানিস্তান ত্যাগ করে। তবে এর পর থেকেই এলিট ফোর্সের বিরুদ্ধে প্রায়ই হত্যা ও নৃশংসতার বিবরণ প্রকাশ পাচ্ছে।

যুদ্ধাপরাধ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *