আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

নিউজ ডেস্ক: ২৩ শর্তে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এ সিদ্ধান্ত জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সংবাদ সম্মেলনে দুই দলের এই সমাবেশের অনুমতি দেয়ার কথা জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ২৩টি শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশের জায়গা নিয়ে পুলিশ গতকাল বুধবার আপত্তি তোলে।

পুলিশ বিএনপিকে ঢাকার গোপীবাগ এলাকায় গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছিল। কিন্তু দলটি তাদের প্রস্তাবিত নয়াপল্টন এলাকা অথবা সোহরাওয়ার্দীর উদ্যান ছাড়া অন্য কোথাও মহাসমাবেশ করতে রাজি হয়নি। এই দুটি জায়গা নিয়ে আপত্তির ক্ষেত্রে পুলিশ কর্মদিবসে রাস্তায় সমাবেশের কর্মসূচিতে মানুষের দুর্ভোগের বিষয়কে যুক্তি হিসেবে দেখায়।

পরে গত রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিন পিছিয়ে আগামীকাল শুক্রবার মহাসমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।

অন্যদিকে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশের বিকল্প প্রস্তাব অনুযায়ী, আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। কিন্তু আগামীকাল এই স্থানের পাশেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচারপতিদের নিয়ে রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান থাকায় এখন দলটি আবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করতে চায় বলে আজ দুপুরের দিকে দলটির সহযোগী সংগঠনের কয়েক নেতা জানান।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত সমাবেশ করতে পারবে। আর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্য মঞ্চ পর্যন্ত সমাবেশ করবে। এই সীমানার মধ্যেই মাইক স্থাপন করতে পারবে তারা। সমাবেশে ব্যাগ ও লাঠিসোঁটা নিয়ে আসা যাবে না।

রাজনীতি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *