৮ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আজ শুক্রবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেয়া মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির কণ্ঠে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।’
করোনা মহামারির কারণে পরপর দুই বছর হজযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনার পর এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশের দশ লাখ মুসলমান শরিক হয়েছেন। লটারির মাধ্যমে বাছাই করে বিভিন্ন দেশের ৮ লাখ ৫০ হাজার হজযাত্রীসহ মোট দশ লাখ লোক এই হজের অনুষ্ঠানে শরিক হয়েছেন। গত রাতে মক্কার মসজিদুল হারাম থেকে ৭ কিলোমিটার দূরে মিনা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করেন তারা।
শুক্রবার ফজরের নামাজ শেষে ভোরে হাজীগণ মিনা থেকে আরাফাত ময়দানে হাজির হন। এখানেই গাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত মোহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণ দেন। হজের দিন সকাল থেকে মাগরিবের আজান পর্যন্ত আরাফাত ময়দানে হাজীগণের উপস্থিত থাকা হজের অন্যতম প্রধান শর্ত।
আজ সারাদিন হাজীগণ আরাফাত ময়দানে উপস্থিত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারা আল্লাহর ক্ষমা, করুণা লাভের জন্য দোয়া করবেন।
আরাফাতে সমবেত হওয়া হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় ইমাম সাহেব খুতবা পাঠ করবেন। এবার বাংলাসহ ১৪টি ভাষায় খুতবা পাঠ করা হবে। জোহর ও আসর নামাজ জামায়াতে আদায় করবেন হাজীগণ। পরে মাগরিবের আজান পর্যন্ত যে যার মতো করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন।
র্সূযাস্তের পর মাগরিবের নামাজের আজানের পর পরই আরাফাত থেকে মুজদালিফায় যাবেন হাজীগণ। মুজদালিফায় পৌঁছে হাজীরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। সেখানে তারা রাত্রিযাপন করবেন এবং বিশ্রাম নেবেন। ফজরের নামাজের পর শনিবার ভোরে হাজীগণ মিনায় যাবেন এবং প্রতীকিভাবে তারা রামি-আল-জামারায় ‘শয়তানকে পাথর’ নিক্ষেপ করবেন।
হজ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













