আবারও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

২১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের মার্কিন সামরিকঘাঁটি লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল-আসাদ নামে ওই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। খবর: আরব নিউজ।

খবরে বলা হয়, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে। তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন, আইন আল-আসাদ সামরিকঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কোনও গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায় এখনও স্বীকার করেনি। রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনও ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এর পর নতুন করে আইন আল-আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।

একই সময়ে সালাহউদ্দিন প্রদেশ ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার মার্কিন সামরিক অবস্থানে রকেট হামলা হয়েছে।

রকেট হামলা/এসকেএম