৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): উচ্চ আদালত রুল জারি করে নির্দেশনা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রশ্নে।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
তারেক আলমসহ ই-অরেঞ্জের ৫৪৭ গ্রাহকের পক্ষে ব্যারিস্টার এম, আব্দুল কাইয়ুম রিটটি দায়ের করেন। দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
প্রাথমিক শুনানি নিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরতে এবং এই প্রতিষ্ঠান থেকে অর্থপাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রুলসহ আদেশ দিয়েছেন আদালত।
রুলে ই-অরেঞ্জের গ্রাহকদের টাকা আত্মসাৎ করে যারা বিদেশে পাচার করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়েছেন। সেই সাথে পাচার হওয়া টাকা উদ্ধার করে গ্রাহকদের কেন ফেরত দেয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আদেশে ই-অরেঞ্জের পাচার হওয়া টাকা ফেরতে কি পদক্ষেপ নেয়া হয়েছে এবং টাকা পাচারে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা- আগামী ৪ মাসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।
আদালতের আদেশের বিষয়টি ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যম জানান। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আব্দুল কাইয়ুম।
২০০৭ সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ই-অরেঞ্জের বিরুদ্ধে গত বছরের মাঝামাঝি থেকে গ্রাহকরা টাকা নিয়ে সময় মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ তোলেন।
আরও পড়ুন: জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান
পণ্য ডেলিভারি না দেয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে যেতে হয়েছে।
ই-অরেঞ্জ/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply