ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ছে

২২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় বাড়িয়েছে সরকার। বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে বলে এতে জানানো হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণীবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০ টা করেছে।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণীবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ঈদুল আজহা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ