১৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক। কর্মস্থলে যাওয়ার পথেই এ হামলার শিকার হন তারা। হামলায় তাদের গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মুখপাত্র আহমাদ ফাহিম কায়ুম।
কাবুলের সর্বোচ্চ আদালতে দুই শতাধিক নারী বিচারক কাজ করে থাকেন। হামলাকারীদের এখনও আটক করা সম্ভব হয়নি। অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার দায় স্বীকার করেনি দেশটির কোনো গোষ্ঠী।
একে দেশজুড়ে চলমান সহিংসতার অংশ বলছে দেশটির সরকার।
গত কয়েক মাস ধরে রাজধানী কাবুলসহ বিভিন্ন জায়গায় রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, চিকিৎসক ও বিচারকসহ সাধারণ মানুষের ওপর আশঙ্কজনকভাবে হামলার ঘটনা বেড়েছে। প্রাণ হারাচ্ছেন আনেকে। দেশজুড়ে হামলার ঘটনার একটির দায়ও স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ বন্ধে শান্তি ফেরাতে দেশটির সরকার ও তালেবানের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তালেবানের প্রথম শর্ত, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে হবে। এরই অংশ হিসেবে দেশটির থেকে অর্ধেক সেনা সরিয়ে নেয়া হচ্ছে। তারপরও থামছে না হামলার ঘটনা।
আফগানিস্তান/এসকেএম















Leave a Reply