১১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানী কিয়েভের আশপাশের শহরগুলো থেকে ১ হাজার ২০০–এর বেশি মরদেহ উদ্ধার হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন।
রোববার ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, রাশিয়ার সেনাদের হাতেই এসব মানুষের প্রাণহানি হয়েছে। খবর: এএফপি।
মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, কিয়েভের আশপাশের শহরগুলো থেকে ১ হাজার ২২২টি মরদেহ উদ্ধার হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভেনেদিকতোভা এসব তথ্য জানালেও উদ্ধার মরদেহের কতটি বেসামরিক মানুষের সে হিসাব নির্দিষ্ট করে জানাননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরিয়ানা ভেনেদিকতোভা বলেন, আমাদের কাছে এ মুহূর্তে শুধু কিয়েভ অঞ্চলে ১ হাজার ২২২ জনের মরদেহ উদ্ধারের হিসাব আছে। ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ৫ হাজার ৬০০টি ঘটনায় যুদ্ধাপরাধে মামলা চালু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গতকাল জাতিসংঘ জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষ হতাহতের হিসাব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত ও ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply