গরীব দেশগুলোর মধ্যে না বিলিয়ে দিলে নষ্ট হবে টিকা

০৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ধনী দেশগুলো তাদের অতিরিক্ত টিকার ডোজ গরিব দেশগুলোকে না দেয়, তবে তা নষ্ট হবে। এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে জনসংখ্যার তুলনায় বেশি টিকার ফরমাশ দিয়েছে ধনী দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে নতুন সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, করোনা ভাইরাসের টিকার সরবরাহ স্থিতিশীল থাকা দরকার। কারণ গরিব দেশগুলো তাদের নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি।

ইউনিসেফের টিকাবিষয়ক বিভাগের প্রধান লিলি ক্যাপরানি বলেন, এই ধনী দেশগুলোর যেমন নিজেদের নাগরিকদের টিকা দেয়া দরকার, তেমনি বাকি দেশগুলোকেও টিকা দেয়া দরকার। একই সাথে ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদেরও টিকা দেয়া দরকার। তবে এই মুহূর্তে যারা ঝুঁকিতে রয়েছেন তাঁদের আগে টিকা দিতে হবে।

যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, যে টিকাগুলো বেঁচে যাবে সেগুলো গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দেয়া হবে। কিন্তু ইউনিসেফ চাইছে, সেই টিকাগুলো আগে থেকেই দেয়া শুরু করুক ধনী দেশগুলো।

করোনা ভ্যাকসিন/এসকেএম