আন্তর্জাতিক ডেস্ক: ৩০ দিনের মধ্যে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরাইলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেটি না করলে কিছু মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
এটি ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের সবচেয়ে কঠোর লিখিত সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসরাইল গত এক মাসে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক চলাচল বন্ধ বা সীমাবদ্ধ করেছে। উত্তর গাজায় ইসরাইলের চালানো আক্রমণের ফলে দক্ষিণ গাজায় বেসামরিক মানুষ ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়েছে। তার মাঝেই এমন চিঠি পাঠাল যুক্তরাষ্ট্র।
একজন ইসরাইলি কর্মকর্তা বলেছে যে, আমাদের দেশ এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে। যুক্তরাষ্ট্র যে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে তার সমাধানও করতে চায় তারা।
ইসরাইল অবশ্য এর আগে বলেছে তাদের মূল লক্ষ্য হামাসকে নির্মূল। তারা কোথাও মানবিক সাহায্য প্রবেশ করতে বাঁধা দিচ্ছে না।
সোমবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য ভর্তি ৩০টি লরি উত্তর গাজায় প্রবেশ করেছে।
গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বলেছিল, ইসরাইলকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিকদের মধ্যে ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সহায়তা সরবরাহ সীমিত করার মাধ্যমে ‘দুর্ভোগ বাড়ানো’ বন্ধ করতে হবে।
দখলকৃত ফিলিস্তিন এলাকায় বিশ্ব খাদ্য সংস্থার প্রধান আন্তোইনি রেনার্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উত্তর গাজা এলাকার মানুষজন ‘পুরোপুরি খাদ্য সহায়তার’ ওপর নির্ভরশীল। জাতিসংঘ সংস্থাগুলোর বিতরণকৃত খাবার ছাড়া তাদের আর কোন মাধ্যমে খাবার পাওয়ার উপায় নেই।
ইসরাইল/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply