আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল ওই শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে।
নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদের বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।
তীব্র ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় মোট ২৩ লাখ মানুষ বসবাস করেন, যাদের বেশিরভাগই থাকেন আটটি শরণার্থী শিবিরে।
এগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল।
গাজা উপত্যকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply