১১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মারাকানার ফাইনালেও দুর্দান্ত সেভে নেইমার-কাসেমিরোদের হতাশ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি নেইমার, রিচার্লিসনরা। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার বুলেট গতির শট ঠেকিয়ে দেন মার্টিনেজ।
শুধু ফাইনালেই নয়, পুরও আসরে গোলবারের নিচে বিশ্বস্ত ও মূর্তিমান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ। শিরোপা জয়ী এই গোলরক্ষক পুরও টুর্নামেন্টে মাত্র ৩টি গোল হজম করেছেন। সেমিফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে অবাক করেছিলেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী মার্টিনেজ।
এমিলিয়ানো মার্টিনেজ/এসকেএম














