জঙ্গিনেতা আবদুল হাই গ্রেফতার

২৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা আব্দুল হাই গ্রেফতার হয়েছে। ৫৭ বছর বয়েসি আবদুল হাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার অন্যতম আসামি এই জঙ্গি নেতা।

বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৭ বছর পর মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। তিনি জানান, হরকাতুল জিহাদের (হুজি-বি) প্রতিষ্ঠাতা আমির মুফতি আবদুল হাই বারবার ঠিকানা বদল করে আত্মগোপনে ছিলেন। আশির দশকে ভারত ও পাকিস্তানের মাদরাসায় পড়াশোনা করা আব্দুল হাই আফগানিস্তানে মুজাহিদ হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

তিনি ১৯৯১ সালে দেশে ফিরে এসে হুজি-বি প্রতিষ্ঠা এবং ১৯৯২ সালে কক্সবাজারের উখিয়ায় ট্রেনিং ক্যাম্প চালু করেন। পাশের দেশের এক জঙ্গি নেতা অস্ত্র সরবরাহ করতেন এবং আব্দুল হাইসহ তিনজন সেখানে প্রশিক্ষণ দিতেন। প্রায় ৪ বছর কার্যক্রম চালিয়ে আসার পর ১৯৯৬ সালে যৌথ বাহিনীর অভিযানে ওই ট্রেনিং ক্যাম্প থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়।

আব্দুল হাই ২০০০ সালে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা, ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা ও ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা রয়েছে ৭টি, যার মধ্যে ২টি মৃত্যুদণ্ড ও ২টি যাবজ্জীবন কারাদণ্ডের।

জঙ্গিনেতা/আরএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *