জাতিসংঘের পরবর্তী মহাসচিব কোন নারী, নাকি গুতেরেসই?

০৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদে সংস্থার পরবর্তী মহাসচিব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মে অথবা জুন নাগাদ সম্ভাব্য প্রার্থীদের সাথে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে জাতিসংঘ।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, প্রার্থীদের প্রমাণিত নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অভিজ্ঞতা, বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ও বহুভাষিক দক্ষতা থাকতে হবে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশে চিঠির কপি পাঠানো হয়েছে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোমধ্যেই দ্বিতীয় মেয়াদে এই পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ পরিষদ এবং স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনসহ নিরাপত্তা পরিষদের ব্যাপক সমর্থন গুতেরেসের দিকে।

তবে সাবেক পর্তুগীজ প্রধানমন্ত্রী গুতেরেসের সমালোচনাও করেছে বেশ কয়েকটি বেসরকারি গ্রুপ। তাদের অভিযোগ, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় গুতেরেস যথেষ্ঠ ভূমিকা রাখতে পারছেন না।

এদিকে, হন্ডুরাস দাবি জানিয়েছে মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচিত করার। তারা ২০২২ থেকে ২০২৬ সাল মেয়াদে জাতিসংঘ মহাসচিবের পদে একজন নারীকে দেখতে আগ্রহী।

উল্লেখ্য, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করা সব মহাসচিবই পুরুষ।

জাতিসংঘ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *