আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বুধবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান, সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছে, জাতিসংঘের ইতিহাসে ‘একটি কলঙ্ক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটৎসতিনি। তিনি বলেছেন, আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে পারসনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যেকোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশির ভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না।
ইসরায়েলের দাবি, জাতিসংঘের এই মহাসচিব এখন পর্যন্ত হামাস ৭ অক্টোবর ইসরায়েলে যে হত্যাকাণ্ড ও যৌন নৃশংসতা চালিয়েছে, তার নিন্দা করেননি। তা ছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনও পদক্ষেপ তিনি নেননি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তোনিও গুতেরেস তাদের সাথে থাকুক বা না থাকুক ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের প্রায় ছয় দশকের দখলদারির অবসান চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়। প্রায় সব দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন দেন।
ইসরাইল/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















