২২ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
সোমবার বিকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন। পাসপোর্ট জমার শর্তে তাকে জামিন দেয় আদালত।
সম্রাটের বিরুদ্ধে করা চার মামলায় এর আগে তিন মামলায় জামিনে থাকায় তার মুক্তিতে কোনও বাধা নেই। অসুস্থ বিবেচনায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে ১১ আগস্ট সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন।
গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন আদেশ দিয়েছিল। ১৬ মে দুদক সম্রাটের জামিন বাতিলের আবেদন করে উচ্চ আদালতে।
পরে ১৮ মে হাইকোর্ট বেঞ্চ তার জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরপর ২৪ মে আত্মসমর্পণ করে জামিন চান সম্রাট। তবে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















