ডিসেম্বরে ভারত থেকে টিকা আসবে

২৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা করোনা ভাইরাসের টিকার বাকি চালানগুলো ডিসেম্বর থেকে আসতে শুরু করবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

সালমান এফ রহমান বলেন, আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে।

দেশেই করোনার টিকা উৎপাদনের উদ্যোগের অগ্রগতি নিয়ে সালমান এফ রহমান বলেন, ইনসেপ্টার টিকা তৈরি করার সমস্ত সক্ষমতা আছে। চীনের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ঠিক হয়ে গেলে তারা উৎপাদনে যেতে পারবে।

আর বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই টিকা উৎপাদনের ‘সক্ষমতা অর্জন করবে’ বলে তিনি জানান।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর জানুয়ারিতে ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে দেয় সরকার, যা টিকার মোট দামের অর্ধেক।

চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল বাংলাদেশে। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে আসে।

পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ।

কিন্তু মার্চে ভারতে করোনা ভাইরাস মহামারী চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

সবশেষ ৯ অক্টোবর সরকারের কেনা কোভিশিল্ড টিকার আরও ১০ লাখ ডোজ দেশে পৌঁছায়। এরপর সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আর কোনও চালান দেশে আসেনি। চুক্তির যে দুই কোটি ২০ লাখ টিকা এখনও আটকে আছে, সেগুলোই ডিসেম্বরে আসতে শুরু করবে।

করোনা ভ্যাকসিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *