১৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে। এমনটাই বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর কাফরুল থানায় ইব্রাহীমপুরে স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্থকরণ কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর অঞ্চলের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডসমূহ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এসব ওয়ার্ডের রাস্তাঘাটসমূহ এতটাই অপ্রশস্ত যে, বিপদকালীন সময়ে জরুরী এম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়ি-ঘর থেকে মৃতদেহ বাহিরে বের করাটাও খুবই কঠিন ছিল।
তিনি বলেন, এই এলাকার বাড়ির মালিকগণ তথা ভলান্টিয়াররা স্বেচ্ছায় মোট ২৭টি রাস্তায় বা রাস্তার অংশসমূহে প্রায় ১০ কিলোমিটার রাস্তা প্রশস্থকরণ করতে গিয়ে অনেককে নিজেদের মূল্যবান স্থাপনার আংশিক ভাঙতে হয়েছে। মূল্যবান জমিও ছাড়তে হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাটি ও মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। তিনি করোনা মহামারীর মধ্যেও জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য ডিএনসিসির মেয়র মেয়র আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান।
তাজুল ইসলাম বলেন, বিশেষজ্ঞদের মতে ২০২০ সালে ঢাকা মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩ গুণ হওয়ার কথা থাকলেও ডিএনসিসির সুযোগ্য মেয়রের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় তা মোকাবেলা করা সম্ভব হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিলনা বললেই চলে।
শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথির বক্তৃতায় কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও জনকল্যাণকর কাজ অব্যাহত রাখায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেয়র আতিক/এসকেএম/আরএম















