৪ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের সামরিক মহড়া চালানোর ঘোষণায় ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনাকে চীনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। পেলোসি তাইওয়ান ছেড়ে যাওয়ার পর তাইওয়ানের চারপাশের জলসীমায় বৃহস্পতিবার থেকে বড় পরিসরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। খবর: এএফপি।
সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ ও বিমান প্রবেশ না করাতে বলেছে বেইজিং। বিশ্ববাণিজ্যে তাইওয়ান ও এর আশপাশের জলসীমা গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুধবার ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে জেক সুলিভান বলেন, আমরা মনে করি, চীন এখানে যা করছে, তা তাদের দায়িত্বশীল আচরণ নয়।
সুলিভান বলেন, যখন কোনও সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, তাজা গোলার মহড়া, আকাশে যুদ্ধবিমান ওড়ানো এবং সাগরে জাহাজ নিয়ে টহল দেয়ার মতো কর্মকাণ্ডে যুক্ত থাকে, তখন কিছু বিষয় বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তাইওয়ান প্রণালিতে উত্তেজনা কমাতে বেইজিংকে আহ্বান জানিয়েছেন সুলিভান। সুলিভান বলেন, আমাদের আশা, চীন দায়িত্বশীল আচরণ করবে। উত্তেজনা এড়াবে যেন আকাশপথ ও সাগরপথে হিসাব-নিকাশে ভুল না হয়ে যায়।
পেলোসি তাইওয়ান ছেড়ে যাওয়ার পর বুধবার রাতে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছিল।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply