দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকা দেয়া বন্ধ

০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবেলায় অকার্যকর প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। খবর: সিএনএন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে একটি পরীক্ষা চালানো হয়েছিল। এতে নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবেলায় অক্সফোর্ড ভ্যাকসিনের সীমাবদ্ধতা ধরা পড়ে।

দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের যে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা তা আটকাতে পারছে না বলে প্রমাণ পাওয়া গেছে। মূলত এর পরই এটি দেয়া স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সাধারণ করোনা ভাইরাস থেকে এই জীবাণুটি অনেক বেশি সংক্রমক। সাধারণ জীবাণুটি থেকে প্রায় ৭০ শতাংশ বেশি ছড়াতে পারে এই ভাইরাস।

দক্ষিণ আফ্রিকায় এর জেরেই গত এক মাসে করোনা সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। এর মধ্যেই দেশটিতে পৌঁছায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ১০ লাখ মানুষকে দ্রুত ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ।

এই প্রস্তুতির মধ্যেই দুই হাজার মানুষকে নিয়ে সেখানকার গবেষকরা একটি পরীক্ষা চালান। তাতে দেখা যায়, কোভিডের নতুন ধরনের ভাইরাসটি মোকাবেলা করতে পারছে না অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি। তার পরই সেটি আপাতত ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

করোনা ভ্যাকসিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *