নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরণের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে ২৪২টি মণ্ডপ রয়েছে। মন্ডপগুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে আমাদের (আইন শৃঙ্খলা বাহিনী) যেমন ব্যাপক প্রস্তুতি থাকে, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝেও ব্যাপক প্রস্তুতি থাকে।
তিনি বলেন, বড় মন্দিরগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে। একইসাথে প্রতিটি পূজামণ্ডপ পুলিশের নজরদারির আওতায় থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা বাহিনীর লোকজন মোতায়েন থাকবে।
পূজামণ্ডপে জঙ্গি হামলার ঝুঁকি কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না’ এমন মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং টহল জোড়দার করা হয়েছে। যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস না পায়।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঢাকা মহানগরীর ২৪২টি পূজামণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে। এর মধ্যে পাঁচটি জাতীয় পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখানে পুলিশ, ডিবি ও আনসার সদস্যদের ২৪ ঘণ্টা ডিউটি পোস্ট থাকবে। পাশাপাশি সোয়াত টিমও এখানে টহলে থাকবে।
এছাড়া পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। এখানে প্রবেশ পথে ডিটেক্টর রাখা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা কোন ভ্যানিটি ব্যাগ বা অন্য কোনও ব্যাগ এখানে নিয়ে আসবেন না। আনলে এগুলো প্রবেশের আগেই রেখে দেয়া হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোহাম্মদ মুনিবুর রহমানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ও পূজা উদযাপন কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply