দেশে ডিজেলের দাম প্রতিবেশী দেশের চেয়ে কম

৫ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দেশে ডিজেলের মূল্য প্রতিবেশী দেশের চেয়ে কম। এনিয়ে বিভ্রান্তির অবকাশ এবং এই অজুহাতে অন্য পণ্যের মূল্য বৃদ্ধিরও সুযোগ নেই।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ২০১৩ সালে দেশে ডিজেলের মূল্য ছিল লিটার প্রতি ৬৮ টাকা, পরবর্তীতে ২০১৬ সালে লিটার প্রতি ৩ টাকা কমিয়ে ৬৫ টাকা করা হয়। এরপর সাড়ে পাঁচ বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি হয়নি।

চলতি অর্থ বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। এতে ডিজেলের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি ব্যাপক লোকসানের সম্মুখীন হয় উল্লেখ করে ডক্টর হাছান এসময় তথ্য-উপাত্ত তুলে ধরেন।

তিনি জানান, এবছরের জুন মাসে লিটার প্রতি ২ দশমিক ৯৭ টাকা, জুলাই মাসে ৩ দশমিক ৭০ টাকা, আগস্ট মাসে ১ দশমিক ৫৮ টাকা, সেপ্টেম্বর মাসে ৫ দশমিক ৬২ টাকা এবং অক্টোবর মাসে ১৩ দশমিক ০১ টাকা ভর্তুকি দিয়ে গত সাড়ে পাঁচ মাসে ডিজেলের জন্য বিপিসির লোকসান হয়েছে প্রায় ১১৪৭ দশমিক ৬০ কোটি টাকা। এদিকে, ১ ডলারের মূল্য ২০১৬ সালে ছিল ৭৯ টাকা এবং চলতি মাসে ৮৫ দশমিক ৭৫ টাকায় দাঁড়িয়েছে। এতে ডলারে মূল্য পরিশোধে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে।

ডক্টর হাছান মাহমুদ বলেন, সরকার ক্রমাগতভাবে জ্বালানি তেলের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। এদেশে দাম কম থাকায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যা রোধে এই মূল্যবৃদ্ধি। এনিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। বাস্ততার নিরিখে কথা বলা, সাধারণ মানুষের যেন ভোগান্তি  না হয় এবং এই অজুহাতে অন্য পণ্যের যেন মূল্যবৃদ্ধি না ঘটে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *