নাঈমের ছয় উইকেট, শ্রীলংকা থামল ৩৯৭ রানে

১৬ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে ছয়টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ দলের ডানহাতি স্পিনার নাঈম হাসান। আর তাতেই ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে বাংলাদেশ।

৬ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে সফররত শ্রীলংকা। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শুরু থেকেই শাসন করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।

৩৪ রানে দিন শুরু করা চান্দিমাল তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর দেখে-শুনেই খেলে যাচ্ছিলেন তিনি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক দুই ওভার আগে নাঈম হাসানের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পরেন চান্দিমাল। আউট হওয়ার আগে ১১৪ বল খেলে করেন ৬৪ রান। একই ওভারে নিরোশান দিকভেলাকে শূন্যরানে ফেরত পাঠান নাঈম।

দ্বিতীয় সেশনের খেলার শুরু ওভারেই দুই উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ রানে রমেশ মেন্ডিস এবং শূন্যরানে লঅসিথ এম্বুলদেনিয়া আউট হন।

নবম উইকেট জুটিতে বিশ্ব ফার্নান্দোকে সাথে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তুলেছেন ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইতোমধ্যে এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। এরপর শরিফুলের করা বল ফার্নান্দোর হেলমেটে আঘাত করলে রিটায়ার্ড হার্ট হন তিনি।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ডাবল সেঞ্চুরির পথে সঙ্গ দেয়ার জন্য আবারও ব্যাট করতে নামেন বিশ্ব। দেখে-শুনেই খেলছিলেন ম্যাথিউস। এক পর্যায়ে ১৯৯ রানে অবস্থান করে তার ব্যক্তিগত ইনিংস। ১৫৩তম ওভারের শেষ বলে টোকা দিয়ে ১ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ক্যাচ উঠে সাকিবের হাতে। তাতেই ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় ম্যাথিউসের। ৩৯৭ বলে খেলা ১৯৯ রানের ইনিংসটি ১৯টি চার এবং একটি ছয়ে সাজানো। ১৭ রানে অপরাজিত থাকেন বিশ্ব ফার্নান্দো।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *