নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরির আহ্বান

১১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরি করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো আয়োজিত ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরি করতে পারলে বিদেশেও রপ্তানির ক্ষেত্রে বিশ্বাস যোগ্যতা অর্জন করা সম্ভব। এতে দেশের সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিকভাবেও দেশ লাভবান হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, অনিরাপদ খাবারকে মানুষ খাদ্য মনে করে না। যে খাবার খেয়ে মানুষ নানা রোগে ভোগে তা খাদ্য হতে পারে না। এজন্য কোন খাদ্য নিরাপদ কিনা- তা ল্যাবে পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের হাত থেকে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত যেকোনও সময় খাদ্য অনিরাপদ হতে পারে। এজন্য আমাদের সচেতন হতে হবে। যারা বিদেশে ফুড প্রসেস করে রফতানি করে তাদেরকেও সচেতন হতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগ বা জরিমানা করলেই সবকিছুর সমধান পাওয়া যাবে না। সবচেয়ে বেশী প্রয়োজন গণসচেতনতা। ল্যাবরেটরিতে পরীক্ষার আগে মনের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, খাদ্যমান পরীক্ষার জন্য সরকার ইতোমধ্যে দেশের ৮ বিভাগে ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৮টি মোবাইল ভ্যান ল্যাব ও জাইকার সাথে আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও মন্ত্রী জানান।

পরে খাদ্যমন্ত্রী ফুড অ্যান্ড কেমিক্যাল এক্সপোতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *