পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব

২৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুরোগ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সবাইকে স্বতঃস্ফুর্তভাবে নিজেই নিজের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব।

বুধবার এডিস মশা প্রতিরোধে মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় ১০ দিনব্যাপী চিরুনী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  একথা বলেন।

মেয়র বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়। সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭শে জুলাই থেকে ৭ই আগষ্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযান শুরু হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববান হয়ে ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

ডিএনসিসি মেয়র এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’।

তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি যেকোনও ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র বলেন, ডিএনসিসির বিভিন্ন এলাকার সাতশতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন। এদের মধ্যে যিনি এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহ করতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে।

এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে মেয়র মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান, বিশিষ্ট অভিনেতা মোশারফ করিম এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম/এসকেএম