পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর মধ্যে বুধবার বেলুচিস্তান প্রদেশে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দৈনিক ডন।

এ ঘটনা বৃহস্পতিবার ভোটের দিনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচন ঘিরে গত কয়েক মাসে পাকিস্তানজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।

বুধবার প্রথম হামলাটি হয় বালুচিস্তান প্রদেশের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলামের (জেইউআই) একটি কার্যালয়ের কাছে।

প্রথম হামলায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন বলে জানান পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান। কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি।

এখন পর্যন্ত দুটি হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ