৩০ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা। খবর: দ্য নিউজ।
পরে এক বিবৃতিতে এনএবি জানায়, খাজা আসিফের আয়ের সাথে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। তার সম্পত্তির উৎস না জানাতে পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। তিনি তার আয়সহ অন্যান্য বিবরণীর হিসাবও দিতে পারেননি।
এনএবির জানায়, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল পাঁচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন। হঠাৎ করে তার সম্পত্তি বাড়ার কারণ জানতে চেয়েছিল এনএবি। তিনি তার তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খাজা আসিফ। ১৯৯১ সালে তিনি প্রথমবার মন্ত্রিত্ব পান। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। এদিকে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন, রাজনৈতিক কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তান/এসকেএম
















Leave a Reply