৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সংসদে প্রধানমন্ত্রী অপ্রিয় সত্য বলায় বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিএনপি মহাসচিব ‘অশালীন’ বলেছেন, এ বিষয়ে প্রশ্নের জবাবে ডক্টর হাছান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করে রাজনীতি করেছেন। অর্থাৎ এই দলটির জন্মই হচ্ছে অবৈধ, যেটি হাইকোর্টও তাদের রায়ে বলেছে। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, রিজভী আহমেদসহ বিএনপি’র প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন এবং ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যেই বিএনপিতে যোগ দিয়েছিলেন। সেকারণে এটি বলাতে তাদের গাত্রদাহ হচ্ছে।
তিনি বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো তাদের নেতাদের একটু শালীনতা শেখানোর জন্য। প্রধানমন্ত্রী ২০১৪ নির্বাচনের আগে বেগম জিয়াকে যখন ফোন করেছিলেন, তখন কেমন অশালীন ভাষায় বেগম জিয়া কথা বলেছিলেন জনগণ সেটি দেখেছে। বেগম জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ২০ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন কিন্তু বেগম জিয়া দরজা খোলেন নাই। যারা এমন অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দ মানায় না।
তথ্যমন্ত্রী বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ সভাপতি মোতাহার হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, দফতর সম্পাদক মোশকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশন সম্পাদক বাহারাম খান ও কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী/এসকেএম















Leave a Reply