নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মহামারি, বিশ্বে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশকে অনেক দেশের তুলনায় ভালভাবে পরিচালনা করছে। সেই কারণে আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ক’দিন আগে ইত্তেফাক রিপোর্ট করেছে- যুক্তরাজ্যের অনেক মানুষ এখন কয়েক বেলায় খায় না। আমাদের দেশে স্রষ্টার কৃপায় সেই পরিস্থিতি এখনও হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে এসএমএস করে সবাইকে আরও কয়েক মাস আগে বলা হয়েছে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্যও কখনও বিদ্যুৎ যায়নি। সেই জার্মানিতে ইউক্রেন যুদ্ধের পর বিদ্যুতের জন্য লোডশেডিং শুরু হয়েছে, রেশনিং করা হয়েছে। অস্ট্রেলিয়াতে কখনও বিদ্যুৎ যেতো না, সেই অস্ট্রেলিয়াতে সিডনীসহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।
তিনি বলেন, কিন্তু আমাদের দেশে পান থেকে চুন খসলে মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন। সাথে আবার বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিতে যারা ভালোবাসেন তারা রাত ১২টার পরে টেলিভিশনের টকশো’তে পর্দা গরম করেন। তাদের বিশ্ব প্রেক্ষাপটটা দেখা প্রয়োজন।
ডক্টর হাছান বলেন, আমাদের সবার সম্মিলিত লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন এঁকে দেশ রচনা করেছিলেন। আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন এঁকে, জীবন দিয়ে এই দেশ রচনা করে গেছেন, সেই স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানো। আর সেখানে পৌঁছাতে হলে ভুলত্রুটির সমালোচনা যেমন থাকতে হবে, ভালো কাজের প্রশংসাও থাকতে হবে। দু’টি না হলে দেশ এগুবে না, যারা ভালো কাজ করেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেন তারা আশা হারিয়ে ফেলবে।
তথ্যমন্ত্রী এসময় প্রেস কাউন্সিল পদক বিষয়ে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। সাংবাদিকদের ব্যক্তিগত উৎকর্ষ সাধনে এবং সততা ও নিষ্ঠা উৎসাহিত করতে প্রেস কাউন্সিল পদক চমৎকার ভূমিকা পালন করবে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















