ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের পর ক্ষতির শঙ্কা এবং আফটার শকের সতর্কতা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার একটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।

রাজধানী ম্যানিলা থেকে তিন ঘণ্টার দূরত্বে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর পর পরই রাজধানীর কিছু জায়গায় রেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফিলিপাইনের ভূকম্প বিদ্যা সংস্থা এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি সাগরের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং আশপাশের প্রদেশে এটি অনুভূত হয়।

দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের কারণে তিনটি এলিভেটেড রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র ও সহকারী সচিব বার্নার্দো রাফায়েলিত্তো বলেছেন, ‘রেলওয়ে ও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এখন পর্যন্ত বড় কোনও ক্ষতির খবর আসেনি। আমরা আশা করি আসবেও না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় সাংবাদিকদের সাথে রাজধানী ম্যানিলায় একটি হোটেলে কথা বলছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ওই সময় হোটেল রুমের সিলিং ফ্যান দুলতে দেখা যায়।

সাগরের যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেখান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত কাতাগান। শহরটির মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে কোনও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দলকে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে ফিলিপাইনের ভূকম্পনবিদ্যা সংস্থা প্রাথমিক অবস্থায় জানিয়েছিল রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। পরবর্তীতে সংশোধিত তথ্যে জানানো হয় এটি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী কম্পন ছিল।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ