০৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে আবারও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা কর্নেল হুসেম জেবেলি বলেছেন, রোববার উপকূলের সাফাক্সের বন্দরের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন।
কর্তৃপক্ষ বলছে, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এর আগে, গত শনিবার লিবিয়া থেকে যাত্রা শুরু করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৪৩ জনের প্রাণহানি ঘটে। এবং নৌকার অন্য ৮৪ আরোহীকে উদ্ধার করে তিউনিশিয়ার নৌবাহিনী।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত মে মাসের শুরুতে জানিয়েছিল, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৫০।
নৌকাডুবি/এসকেএম















