বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে

২২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরই সমাধান হবে। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসাথে কাজ করতে গিয়ে কখনও কখনও ভুল বোঝাবুঝি হয়। আবার সময়ের সাথে সাথে তা নিরসনও হয়।

মন্ত্রী বলেন, বরিশালে যে অনাঙ্খাকিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করছেন। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।

মন্ত্রী অনাকাঙ্খিত সেই ঘটনা সম্পর্কে বলেন, সিটি কর্পোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার, বর্জ্য অপসারণ করার জন্য গেলে প্রশাসনের কর্মচারীর সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের মেয়র সেখানে সমস্যা মীমাংসা করতে যান।

তিনি বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। যে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন, তারা মীমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিল সেটি সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই নিজ নিজ পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এবিষয়ে কোন তদন্ত করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে।

সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন তার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেন কোনও অনাঙ্খাকিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *