১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): দেশের সিটি কর্পোরেশন বা বড় শহরের মতো প্রত্যন্ত গ্রাম-গঞ্জের ময়লা-আবর্জনা সংগ্রহ করা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তাজুল ইসলাম বলেন, মানুষের মাথাপিছু আয় বাড়ার সাথে সাথে ভোগ বেড়েছে। এতে করে গ্রাম গঞ্জেও এখন প্রচুর বর্জ্য উৎপাদন হচ্ছে। গ্রাম এলাকার উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না করা গেলে ইকোলোজিক্যাল ব্যালেন্স নষ্ট হবে।
তিনি বলেন, নদী-নালা, খাল-বিল সবকিছু বর্জ্যের স্তুপে পরিণত হবে। এজন্য গ্রামের বর্জ্যগুলোকে সংগ্রহ করে সে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। একটি বিদ্যুৎ প্ল্যান্ট চালু করার জন্য নির্দিষ্ট পরিমাণ বর্জ্যের দরকার হয়। একটি নির্দিষ্ট এলাকায় প্ল্যান্ট স্থাপন করে গ্রামগঞ্জের সব বর্জ্য কালেকশন করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
কিছু কিছু পৌরসভায় ছোট ছোট আকারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদ প্ল্যান্টের অনুমোদন দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না। টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন যে প্রযুক্তি তাতে আগের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। বেশি উৎপাদন করা গেলে অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে। পরিবেশের ক্ষতি না করে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে সারাদেশ শতভাগ বিদ্যুতায়িত করেছেন। যদিও এখন রাশিয়া- ইউক্রেনের কারণে জ্বালানির কিছু সঙ্কট দেখা দেয়ায় বিশ্বের সব দেশে কিছু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরী হয়েছে। তারপরও বাংলাদেশ যেভাবে এটিকে সামাল দিচ্ছে তাতে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশ থেকে প্রসংশার দাবিদার।
তাজুল ইসলাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply