বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল দেশ

৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল দেশ। কোন কিছুর জন্য কাউকে সংগ্রাম করতে হয় না। তিনি বলেন, বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। ১৭ হাজার কোটি টাকা দিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর করছে।

বুধবার দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও পুনর্ভবা টেকনিক্যাল বিএম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগে একটা কালভার্ট করার টাকা বাংলাদেশের ছিল না। আমাদের দারিদ্র্য বিক্রি করে ইউনূসরা নোবেল পুরস্কার পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এসে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে একটা ঋণগ্রস্তদেশে পরিণত করেছিল।

তিনি বলেন, বাংলাদেশ এখন ঋণ দেয়। শ্রীলঙ্কার অর্থনীতি দুর্বল হয়ে গেছে। রাজাপাকষে (শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী) আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে, শ্রীলঙ্কার এই অর্থনৈতিক দুরবস্থায় সাহায্য করার জন্য। বাংলাদেশ সরকার সেখানে অর্থঋণ সাহায্য করেছে।

তিনি বলেন, এই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা এ বাংলাদেশকে ধ্বংস করে অন্ধকারে তলিয়ে দিয়েছিল। এখানে খুনী, অপরাধীরা নিরাপদ ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ধর্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি গোপেন্দ্র নাথ দেবশর্মা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সুবজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।

খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *