নিউজ ডেস্ক: বিএনপি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায় কিনা প্রশ্ন রেখেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, বিএনপি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, দেশকে তারা জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় কি না সেটিই হচ্ছে আমার প্রশ্ন।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সভায় সংগঠনের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন।
হাছান মাহমুদ বলেন, আজকে দেশ যে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত বিশ্ব নেতারা সেটির প্রশংসা করছে। ক’দিন আগে বিশ্ব ব্যাংকের এ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে, এই সংকটময় পরিস্থিতিতেও এবং করোনাকালে বাংলাদেশ যেভাবে উন্নয়ন-অগ্রগতি করেছে, এটি অন্য দেশের জন্য উদাহরণ। যাদের জন্ম আসলে অগণতান্ত্রিকভাবে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে, তখন মানুষ ভাবে তারা আবার মার্শাল ডেমোক্রেসিই আনতে চান।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক ঘটনা প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং গত পঞ্চাশ বছরে আমাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন রাষ্ট্রদূতের ঘটনাটি কোনও ঘটনাই হতো না, যদি তিনি যারা ১৯৭৭ সালে জিয়াউর রহমানের হত্যাকান্ডের শিকার হয়েছিল, তাদের বক্তব্যটি শুনতেন বা অন্তত স্মারকলিপিটা নিতেন। সেখানে যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা তাকে হুটহাট করে গাড়িতে তুলে না নিয়ে বরং তাদের দু’-চারটি কথা শোনার ব্যবস্থা করলে, এটি কোনও ঘটনাই ছিল না।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সবিস্তারে বলেছেন । সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, কিছু মানুষ দাঁড়িয়ে সম্মানিত রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন। স্যার স্যার বলে ডাকছিলেন। কিন্তু স্যার হুটহাট করে গাড়িতে উঠে গেছেন। নিরাপত্তাজনিত কোনও ঘটনা ঘটেনি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য ‘জনগণ এ সরকারকে চায় না’ এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তিনি যদি মনে করে থাকেন জনগণ এই সরকারকে চায় না, তাহলে বিএনপি নির্বাচনে আসুক। তখন বোঝা যাবে জনগণ কাদেরকে চায়! তারা তো জনগণের কাছে বহুবার আহ্বান জানিয়েছেন, সাড়া পায়নি। ১০ তারিখ তো সরকার পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু নিজেরাই পদত্যাগ করে চলে গেছেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply