বিএনপি ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল

৬ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল, ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডক্টর হাছান বলেন, গতকাল মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন সেটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। আপনাদের মনে আছে, বেগম জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কি কথা হয়েছে? তখন তিনি বলেছিলেন- আল্লাহ আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যায়, তারাই সবসময় ভারতকে সব দিয়েছে, কিছু আদায় করতে পারে নাই।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার, রক্তের অক্ষরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের দু’দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমাদের সরকার ভারত থেকে অনেক কিছু আদায় করেছে। প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার প্রথমবার তামাক জাতীয় পণ্যসহ মাত্র ২০টি পণ্য বাদে সব পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি আদায় করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে মৈত্রী চুক্তি করেছিলেন সেটির অধীনেই কিন্তু আমাদের ছিটমহলগুলো আমাদেরকে হস্তান্তর করার কথা ছিল। মাঝখানে বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, জরুরি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু কেউ এই ছিটমহলগুলোর অধিকার আদায় করতে পারেনি। ছিটমহলে লাখ লাখ মানুষের কোনও দেশের পরিচয় ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ভারতের সাথে আলাপ আলোচনা করে চুক্তি হওয়ার বহু দশক পরে সেটি আদায় করেছে। ছিটমহলগুলো আমাদের অধিকারে এসেছে, আমাদের দেশের আয়তন বেড়েছে। ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্রসীমা জয়লাভ করেছি। সুতরাং ভারতের কাছ থেকে যা কিছু আদায় সেটি আওয়ামী লীগ সরকারই করেছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *