২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি’র পরিকল্পিত লকডাউনটা কি? লকডাউন নিয়ে বিএনপি’র লাগাতার সমালোচনার জবাবে এ প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে লকডাউন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী এ প্রশ্ন রাখেন।
মির্জা ফখরুল সাহেবকে তথ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, লকডাউন নিয়ে বিএনপি’র পক্ষ থেকে একেক সময় একেক ধরণের কথা বলা হচ্ছে। লকডাউন দেয়ার আগে তারা বলেছিল দেশে কঠোর লকডাউন দেয়া দরকার। আবার লকডাউন দেয়ার পর বলছে এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিতটা কি, সেটার প্রেসক্রিপসনটা তারা দিক।
আর বিএনপি যে এসমস্ত কথা বলে, ২০১৩-১৪-১৫ সালে দিনের পর দিন হরতাল অবরোধ ডেকে ১৫৮ দিন মানুষকে বন্দি করে রেখেছিল। জনগণের যে অসুবিধা হয়েছে, সেটা কি তাদের মাথায় ছিল না’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আজকে তো মানুষের জীবনরক্ষার জন্য লকডাউন দিতে হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, পাশ্ববর্তী দেশ ও ইউরোপের বিভিন্ন দেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে আজকে প্রায় দেড় বছর করোনা। কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজন মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। সরকার ও আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনও হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। অবশ্যই অনেকের সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বিলম্বিত করতে হবে না।
এখন গ্রামাঞ্চলেও করোনা ছড়িয়েছে এ প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমি মনে করি মানুষের মধ্যে করোনার শুরুতে যে ধরণের ভীতি ছিল, সেই ভীতিটা নেই। দীর্ঘ একবছর গ্রামে করোনা না ছড়ানোর প্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছিল গ্রামে কখনও করোনা আসবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, শহরের হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি হচ্ছে তার ৭০ ভাগ গ্রাম থেকে আসছে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও অনুরোধ জানিয়ে ডক্টর হাছান বলেন, নিজের সুরক্ষার জন্যই লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন।
তথ্যমন্ত্রী/এসকেএম















