বিদায় মঞ্চ নাটকের বরপুত্র

২৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, একুশে পদক প্রাপ্ত অভিনেতা আলী যাকের। দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ৭৬ বছর বয়সে মারা গেলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, শুক্রবার সকাল পৌণে ৭টার দিকে বরেণ্য এ অভিনেতা মারা যান।

গোলাম কুদ্দুছ জানান, প্রয়াত আলী যাকের কোভিড পজেটিভ হওয়ায় জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কোন ব্যবস্তা করা হচ্ছে না। তার দাফনসহ অন্যান্য কর্মসূচি পারিবারিকভাবে ঠিক করা হবে।

ক্যানসার, হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে আলী যাকের ১৭ নভেম্বর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে সিসিইউ’তে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই করোনা টেস্ট করা হলে পজেটিভ রিপোর্ট আসে।

গ্যালিলিও চরিত্রে আলী যাকের

১৯৭২ সালে মঞ্চাভিনয়ের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অঙ্গণে পথ চলা। পরে তিনি অভিনয় করেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও।

রাজনৈতিক সচেতন আলী যাকের ছাত্র জীবনে যুক্ত ছিলেন ছাত্র ইউনিয়নের সাথে। নিবিড় যোগাযোগ রাখতেন কমিউনিস্ট পার্টির সাথে। এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেপথ্যে থেকে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এছাড়া, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণআদালত ও ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের কার্যক্রমেও তার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

দেশের অন্যতম বড় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের মালিক ছিলেন আলী যাকের।

তার অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবর, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, বিদগ্ধ রমনী কুল, দেওয়ান গাজীর কিসসা, ম্যাকবেথ, টেমপেস্ট, গ্যালিলিও, নূরলদীনের সারাজীবন, বাকি ইতিহাস।

বাংলাদেশ টেলিভিশনে অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন, যার প্রতিটিই ছিল দর্শক নন্দিত। তবে ধারাবাহিক বহুব্রীহি ও আজ রবিবার নাটকে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হয়েছিলেন।

আলী যাকের/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *