বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইউরোপের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন এবং সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বী রোমান প্রোতাসেভিচকে গ্রেফতার করায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি রোমান প্রতাসাভিচের গ্রেফতারকে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিগামী রায়ানএয়ারের একটি বিমানকে বোমা হামলার হুমকি দিয়ে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। ওই বিমানে ছিলেন বেলারুশের সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলারুশের বিরুদ্ধে ইতোমধ্যে আরও বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে ওয়াশিংটন জানায়, দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা তৈরি করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্র কাজ করছে।

বেলারুশের সরকারি মালিকানাধীন ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আগামী ৩ জুন থেকে কার্যকর করা হবে। গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ব্যাপক দমনপীড়ন চালানোর পর গত এপ্রিলে ফের এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্র/এসকেএম