ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ২০

২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (আশুগঞ্জ সার্কেল) আনিসুর রহমান, আশুগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম, কনস্টেবল মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ সোহান, গাজী টিভি ও দৈনিক ইনকিলাবের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির আহত হন।

সংঘর্ষে দুই পক্ষের আহত ব্যক্তিদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরচারতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আনু সরকারের বাড়ি ও হিয়াল্লা বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ দুপুর ১২টার দিকে চরচারতলা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন স্টেশন রোডের একটি লন্ড্রির সামনে দুই পক্ষের সাত-আটজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই লন্ড্রির সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়।

পরে দুই পক্ষের আরও লোকজন সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম, ছুরিসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই সময় দুই পক্ষের লোকজনের ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য ও একজন সাংবাদিক আহত হন। এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যমকে জানান, সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে জমি নিয়ে পূর্বশত্রুতা ছিল বলে জানা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০টি কাঁদানে গ্যাস ও রবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রহ্মণবাড়িয়া/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *