ভারতের কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর উদ্বেগ

০১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

গুরু নানকের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রুডো বলেন, অধিকারের জন্য ভারতের কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে সব সময় পাশে থাকবে কানাডা। খবর: এনডিটিভি

তিনি বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যে সব খবর আসছে, তা স্বীকার না করলে আমার অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আমরা সবাই ওদের পরিবার ও বন্ধুদের জন্য চিন্তিত। তিনি আরও বলেন, আমরা আলোচনায় বিশ্বাস রাখি। সে জন্যই এই উদ্বেগের বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে সরাসরি জানাব।

তবে এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।  প্রসঙ্গত ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। 

এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। 

আইনটি প্রত্যাহারের দাবিতে সম্প্রতি মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছেন।

রাজধানীতে ঢোকার যে পাঁচটি প্রধান সড়ক আছে, তার মধ্যে দুটি পুরোপুরি এবং একটি আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বাকি দুটি ঢোকার সড়কেও কৃষক জমায়েত হয়েছেন।

কানাডা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *