ভেনিজুয়েলায় ভূমিধসে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: ভেনিজুয়েলার লাস তেজেরিয়াস শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

রোববার দেশটির কর্তৃপক্ষ এ সংখ্যা জানিয়েছে। খবর: এএফপি।

প্রবল বৃষ্টির কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভেনিজুয়েলায় বেশ কিছু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এর মধ্যে গতকাল ভূমিধসে নতুন করে প্রাণহানির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির কারণে নদী প্লাবিত হয়ে এ ভূমিধস হয়।

গতকাল ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লাস তেজেরিয়াসে ভূমিধসপরবর্তী পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমরা দেখছি, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। আমরা ইতোমধ্যে ২২ জনের মৃতদেহ পেয়েছি। ৫২ জনের বেশি মানুষ নিখোঁজ আছেন। এসব মানুষকে খুঁজে পেতে আমরা কাজ করছি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। শহরের রাস্তায় রাস্তায় গাছ উপড়ে পড়ে আছে। কাদামাটি আর বিভিন্ন ধ্বংসাবশেষে রাস্তাগুলো ঢাকা পড়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী রেমিজিও চেবালোস এএফপিকে বলেন, হাজারখানেক মানুষ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। তিনি নিজেও সেখানে কাজ করেছেন।

স্থানীয় বাসিন্দারা ভূমিধসের কবলে পড়া ঘরবাড়িগুলোকে খুঁড়ে বের করার চেষ্টা করছেন। সেখানে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা। ধ্বংসস্তূপে কেউ জীবিত অবস্থায় আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারী দলগুলো অভিযান চালাচ্ছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মৃত মানুষের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

ভেনিজুয়েলা/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *