ভোক্তা সচেতন হলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোক্তাদের সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বলেছেন, ভোক্তাকে সচেতন হতে হবে, তা হলে ব্যবসায়ীরা অনৈতিক সুযোগ নিতে পারবেন না। অনিয়মের বিরুদ্ধে ভোক্তা সাধারণ সচেতন হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ওপর চাপ অনেক কমে আসবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ‘বিশ্বভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তা সাধারণ একমাসের পণ্য এক সাথে না কিনে কম পরিমানে একাধিকবার ক্রয় করলে আলাদা করে পণ্যের চাহিদা বাড়বে না। ব্যবসায়ীরাও সুযোগ নিতে পারবেন না। পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণকেও সংযমী হতে হবে এবং ব্যবসায়ীদেরও সততার পরিচয় দিতে হবে, ব্যবসার পাশাপাশি তাদের সামাজিক দায়িত্বও পালন করতে হবে।

তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে, সরবরাহও স্বাভাবিক রয়েছে, কোন পণ্যের ঘাটতি হবে না। যে কোন অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার দেশব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে।

টিপু মুনশি বলেন, ভোক্তার অধিকার রক্ষায় ভোক্তা সাধারণকে সম্পৃক্ত করা একান্ত দরকার। শুধু অভিযান পরিচালনার মাধ্য্যমে জরিমানা বা মামলা করে সাময়িক ব্যবস্থা নেয়া হলেও স্থায়ী সমাধান পাওয়া যাবে না। এজন্য ভোক্তাকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জনবলের সীমাবদ্ধতা আছে, তারপরও শহর থেকে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে, মানুষ এর সুফল পাচ্ছে। এ কাজে ভোক্তা সম্পৃক্ত হলে কাজটি অনেকটা সহজ হবে।

ভোক্তাকে সচেতন করেতে প্রচার মাধ্যমের গুরুত্ব অনেক- এ কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে সবাই কাজ করলে ভোক্তার অধিকার প্রতিষ্ঠিত হতে বেশি সময় প্রয়োজন হবে না।

বাণিজ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ