‘মা’ চলচ্চিত্রে পরীমনির জন্য গাইলেন মমতাজ

২৪ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ‘মা’ চলচ্চিত্রের সাথে এবার যুক্ত হলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মূলত চলচ্চিত্রটিতে সময়ের আলোচিত নায়িকা পরীমনি অভিনয় করবেন নাম ভূমিকায়। পরীমনির মা হওয়াকে সামনে রেখে সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগত জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ চলচ্চিত্রের জন্য এই বিশেষ গানটি লিখেছেন মাহী ফ্লোরা। যৌথভাবে সুর করেছেন মাহাদী ও মুন্তাসির। সঙ্গীত পরিচালনায় রয়েছেন মুন্তাসির তুষার।

দুই বন্ধু, চলচ্চিত্র পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া

সুরকার মাহাদী ফয়সাল বলেন, মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাওয়ালি ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে চিত্রপরিচালক অরণ্য আনোয়ার জানান, গানটি সুর তৈরির আগ পর্যন্ত শিল্পী হিসেবে মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি তাকে ছাড়া সম্ভব নয়। তিনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। তার সাথে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।

অরণ্য আনোয়ার জানালেন, গানটি সিনেমায় ব্যবহার করা হবে পরীমনির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্যদিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ট্র্যাজেডি।

গত অক্টোবরে চলচ্চিত্রটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। জানুয়ারিতে শ্যুটিংয়ে অংশ নিবেন পরীমনি। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন, জহির হক, মাসুদ রানা চৌধুরীসহ অন্যরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‌’মা’ সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক অরণ্য আনোয়ার। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাতমাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

পরীমনি/এসকেএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *