১০ মে ২০২২ (বিনোদন ডেস্ক): কিংবদন্তি সান্তুরবাদক শিবকুমার শর্মা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মঙ্গলবার মুম্বাইয়ে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শিবকুমারের মৃত্যুতে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করছেন।
ওস্তাদ আমজাদ আলি খান সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন- পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণ একটি যুগের অবসান। তিনি সন্তুর যন্ত্রটির অগ্রণী শিল্পী। আমার কাছে এটা ব্যক্তিগত শোকের মুহূর্ত। ওর আত্মার শান্তি কামনা করছি।
সন্তুরের অবিস্মরণীয় অধ্যায়ের পাশাপাশি সিনেমায়ও কাজ করেছিলেন শিবকুমার। বিখ্যাত বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সাথে জুটি বেঁধে বলিউডের বেশ কয়েকটি সিনেমায় মিউজিক কম্পোজ করেছেন তিনি। ‘সিলসিলা’, ‘লামহে’, ‘চাঁদনী’ ও ‘ডর’-এর মতো সিনেমার মিউজিক কম্পোজ করেছিলেন তারা।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুতে জন্মগ্রহণ করেন শিবকুমার শর্মা। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছে শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৩ বছর বয়সে বাবার কাছ থেকেই সন্তুরের হাতেখড়ি হয় তার।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে তাকে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে ভারত সরকার।
শিবকুমার শর্মা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply