মারা গেলেন কিংবদন্তি মার্কিন শিল্পী ক্রিস ক্রিস্টোফারসন

বিনোদন ডেস্ক: প্রখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন মারা গেছেন। ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, তিনি গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মারা যান। কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৮৮। ক্রিস ক্রিস্টোফারসনের মৃত্যুর কারণ জানানো হয়নি।

কোভিডের সময় থেকেই অসুস্থ হয়ে পড়েন ক্রিস্টোফারসন, ২০২১ সালে গান থেকে অবসরের ঘোষণা দেন। ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেন ক্রিস্টোফারসন। তৃতীয় স্ত্রী আর আট সন্তান রেখে গেছেন তিনি।

কেবল গায়ক হিসেবেও নয়, গীতিকার হিসেবেও ক্রিস্টোফারসন ছিলেন সমীহ-জাগানিয়া এক নাম। গ্র্যামিজয়ী এই শিল্পী ‘সানডে মর্নিং কামিং ডাউন’, মি অ্যান্ড ববি ম্যাকগি’র মতো জনপ্রিয় গান লিখেছেন।

অনেক দিন ধরে একক শিল্পী হিসেবে পারফর্ম করলেও আশির দশকের মাঝামাঝি জনি ক্যাশ, ওয়েলন জেনিং ও উইলি নেলসনের সাথে গানের দল ‘দ্য হাইওয়েমেন’-এর সাথে পারফর্ম করেন ক্রিস্টোফারসন।

কেবল গায়ক নন, অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন ক্রিস্টোফারসন। তার সবচেয়ে আলোচিত কাজ ‘আ স্টার ইজ বর্ন’। ১৯৭৬ সালে এ সিনেমাটিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন। তার আরেকটি আলোচিত কাজ ‘ব্লেড’।

১৯৩৬ সালের ২২ জুন টেক্সাসে জন্ম ক্রিসের। বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে, তাই ছোটবেলা কেটেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষে বাবার পথ ধরে সেনাবাহিনীতে যোগ দেন ক্রিস।

তবে গান চালিয়ে যান সমানতালে। একপর্যায়ে গানের নেশা পুরোপুরি পেয়ে বসে, গান লেখার জন্যই সেনাবাহিনী ছাড়েন। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ক্রিস্টোফারসন’। পরে নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেও নিয়মিত অ্যালবাম প্রকাশ করেন, সবশেষ অ্যালবাম ‘দ্য সিডার ক্রিক সেশন’ প্রকাশিত হয় ২০১৬ সালে।

শোক/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *