আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলে দেশটির ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
বৃহস্পতিবার মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতাসীন সেনা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার আরাকান আর্মি জানায়, রাখাইনের চারটি শহর নিয়ন্ত্রণে আনার পথে তারা।
এরইমধ্যে একটি শহরে সেনাবাহিনীর ৮টি ঘাঁটি, সামরিক হাসপাতাল ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। বাকি তিনটি শহরও চারপাশ থেকে ঘিরে ফেলেছে বিদ্রোহীরা।
তবে হারানো এলাকা ফিরে পেতে মুখোমুখি সংঘর্ষে না জড়িয়ে অতর্কিত বিমান হামলা চালাচ্ছে সামরিক বাহিনী। এতে হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা। এমনকি এন এবং তাউংগুপে শহরে প্রতিরক্ষার কাজে জোরপূর্বক ৬০০ রোহিঙ্গাকে নিযুক্ত করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
শুধু রাখাইন নয়, দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ক্ষমতাসীন সরকার। সাগাইং অঞ্চলের পেল শহরে সেনাবাহিনীর চালানো হামলার মুখে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ১০ হাজার বাসিন্দা। নিহত হয়েছেন সাতজন।
মিয়ানমারের আরেক বিদ্রোহী গোষ্ঠী বার্মা ন্যাশনাল রেভল্যুশন আর্মিও অঞ্চলটির প্রশাসনিক কার্যালয় এবং পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে সামরিক বাহিনীও।
মিয়ানমার/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply