২১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
খবরে জানা যায়, মান্দালয়ে পুলিশের কাঁদুনে গ্যাস ও গুলির মুখে কিছু প্রতিবাদকারীরা গুলতি ছুড়ে জবাব দেয়।
এ সময় পুলিশের পাল্টা জবাবে দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তবে পুলিশ তাজা গুলি ছুড়েছে না রবার বুলেট ব্যবহার করেছে প্রাথমিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এদিন মিয়ানমারের বেশ কয়েকটি শহরে অভ্যুত্থান বিরোধীরা রাস্তায় নেমে এসে সামরিক শাসনের অবসান ও নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়।
গত ৯ ফেব্রুয়ারি সেনাবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা সহিংস হয়ে ওঠে। তখন তাজা গুলিতে আহত অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
শুক্রবার বেলা ১১টায় মিয়া থট থট খিয়াংয় নামে এক নারীর মৃত্যুর মাধ্যমে প্রথম কোনও মৃত্যুর খবর আসে।
এদিকে অভ্যুত্থানের পর দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারে সর্বাত্মক রূপ নিয়েছে আন্দোলন-সংগ্রাম। এতে যোগ দিয়েছে কৃষক-শ্রমিক-মজুর থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ।
বিশেষ করে শহরের শিক্ষিত ও রাজনীতি সচেতন নাগরিকদের একটা বড় অংশই আন্দোলনে শামিল হয়েছে।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply