১৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ষষ্ঠবারের মত নির্বচিত হয়েছেন ইওয়েরি মুসেভেনি।
শনিবার পূর্ব আফ্রিকার দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন জালিয়াতির অভিযোগ এনেছেন। তিনি নাগরিকদের ফলাফল প্রত্যাখ্যান করারও আহ্বান জানান। খবর: বিবিসির।
নির্বাচন কমিশন ঘোষিত ফলে বলা হয়েছে, মুসেভেনি প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। খবর: বিবিসির।
বৃহস্পতিবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ভোট বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মুসেভেনি। তবে ববি ওয়াইন ভোট কারচুরির ব্যাপক অভিযোগ তুলেছেন। ফল ঘোষণার পর পরই তা প্রত্যাখ্যান করেছেন ববি ওয়াইন।
রয়টার্সকে দেয়া মন্তব্যে তিনি এই নির্বাচনকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেন। দেশটি সামরিক বাহিনী তার বাড়ি ঘিরে রেখেছে এবং তাকে বের হতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ওয়াইন।
প্রেসিডেন্ট মুসেভেনি জনগণের প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, কীভাবে বন্দুকের ব্যবহার করতে হয় সেটি আমাদের চেয়ে ভালো কেউ জানে না। আমাদের চেয়ে ভালো লড়াই করতে পারে এমন কেউই নেই।
নির্বাচনী প্রচারের সময়ই উগান্ডাজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল। নভেম্বরে ববি ওয়াইনকে গ্রেফতারের পর পুলিশের সাথে তার সমর্থকদের দেশব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার নির্বাচনেও উগান্ডার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
উগান্ডা নির্বাচন/এসকেএম















Leave a Reply